জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
র্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরাও কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছ দিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের কথা রয়েছে।
