বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-এর আওতায় যোগ্য আবেদনকারীদের আবেদন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার (৬ নভেম্বর) নদিয়ার আরংঘাটায় একটি কালীপুজোর মণ্ডপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তাঁর দাবি, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বর্তমানে প্রায় আড়াই লাখ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
শুভেন্দু অধিকারী জানান, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন যাচাই ও শুনানির কাজ শেষ করতে প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। যোগ্য কোনো আবেদনকারী যেন প্রক্রিয়ার বাইরে থেকে না যান, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহকুমাশাসকদের তত্ত্বাবধানে আবেদনকারীদের জমা দেওয়া নথিপত্র যাচাই এবং শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে ১ নভেম্বর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দ্বিতীয় আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনেও ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন নিষ্পত্তির লক্ষ্যমাত্রার কথা জানিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে তাঁর দাবি ছিল, পশ্চিমবঙ্গে ইতোমধ্যে প্রায় ২৫ হাজার মানুষ সিএএ-এর আওতায় ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন।
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া মতুয়া সম্প্রদায়সহ বিভিন্ন উদ্বাস্তু জনগোষ্ঠীর কাছে নাগরিকত্বের বিষয়টি দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ দাবি। বিশেষ করে নদিয়া ও উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় এই ইস্যুতে সামাজিক ও রাজনৈতিক আগ্রহ রয়েছে।
তবে আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়া যাবে না। সিএএ-এর নির্ধারিত যোগ্যতা পূরণ, প্রয়োজনীয় নথি যাচাই এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কেবল যোগ্য ব্যক্তিদের নাগরিকত্বের সনদ দেওয়া হবে।
