ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম।
শনিবার (৭ নভেম্বর) হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবার বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, সানা প্রদেশের আল-সারিয়াহ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়। এ সময় উদ্ধারকর্মীদের লক্ষ্য করে আরও দুবার হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেছে হুথি সংশ্লিষ্ট সূত্র।
এর আগের দিন শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া শহরের একটি বাজারে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার দাবি করে হুথিরা। তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসাবাহ জানান, বাজারটিতে একাধিক হামলা চালানো হয়। এতে আরও আটজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
তবে বাজারে হামলার ঘটনা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। তাদের দাবি, হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই সেখানে হতাহতের ঘটনা ঘটেছে।
অন্যদিকে, হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারির দাবি, সৌদি আরবের খামিস মুশাইত ঘাঁটি থেকে উড়ে আসা একটি যুদ্ধবিমান বাজারটিতে হামলা চালায়।
দীর্ঘদিন ধরেই ইয়েমেনে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত চলছে। দেশটির রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে সৌদি আরব-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল সরকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রভাব বজায় রেখেছে।
সাম্প্রতিক সময়ে তাইজ প্রদেশকে ঘিরে দুই পক্ষের সংঘাত আরও বেড়েছে। ইয়েমেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে চলমান এই লড়াইয়ে নতুন করে প্রাণহানির ঘটনা ঘটছে।
