সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ সাত বাংলাদেশির প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দল গভীরভাবে শোকাহত।
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি স্বজন হারানোর এই কঠিন সময়ে পরিবারের সদস্যরা যেন ধৈর্য ধারণ করতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এ ছাড়া নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের এই নেতা।
উল্লেখ্য, নিহত সাত বাংলাদেশি আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে জানা গেছে।
