রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শব্দদূষণ কমাতে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি জানিয়েছে, নির্ধারিত দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হবে। এর আগে গাড়ি থেকে এসব অননুমোদিত সরঞ্জাম খুলে ফেলার জন্য যানবাহনের মালিক ও চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অভিযানের সময় কোনো গাড়িতে নিষিদ্ধ সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, যানবাহনে উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহার রাজধানীর সাধারণ মানুষের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন গাড়িতে তা ব্যবহার করা হচ্ছে। শব্দদূষণ কমাতে চালক ও মালিকদের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ জরুরি বলেও জানান তিনি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, ১ ডিসেম্বর থেকে অনুমোদন ছাড়া হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। এসব সরঞ্জাম সড়কে বিশৃঙ্খলা তৈরির পাশাপাশি পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে।
তিনি আরও জানান, যেসব যানবাহনে বিশেষ হর্ন, হুটার কিংবা বিকন লাইট ব্যবহারের বৈধ অনুমতি নেই, সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় অবৈধ সরঞ্জাম জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা জানান, শুধু বাস ও ট্রাক নয়, কিছু ব্যক্তিগত জিপগাড়িতেও এসব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন যানবাহনে অনুমোদনহীন সাজসজ্জার সরঞ্জাম ও সাইলেন্সার লাগানোর প্রবণতা দেখা যাচ্ছে। এসব কর্মকাণ্ড রাজধানীর সড়কে নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে।
আনিছুর রহমান বলেন, সড়ক পরিবহন বিধি অনুযায়ী নির্দিষ্ট কিছু জরুরি সেবার যানবাহন বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি পায়। এর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ যান, উদ্ধারকাজে নিয়োজিত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে ব্যবহৃত যানবাহন। তবে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহনে অনুমতি ছাড়া উচ্চ শব্দের হর্ন ব্যবহার নিষিদ্ধ।
অটোরিকশা ও এ ধরনের কিছু যানবাহন থেকেও অতিরিক্ত শব্দ তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এসব যানবাহনের নিবন্ধন কার্যক্রম বর্তমানে সিটি করপোরেশনের মাধ্যমে চলছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
এদিকে শব্দদূষণের স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, হাইড্রোলিক হর্নের অতিরিক্ত শব্দ মানুষের শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এতে শ্রবণশক্তি কমে যাওয়ার পাশাপাশি মানসিক চাপ, ঘুমের সমস্যা, মাথাব্যথা, বিরক্তি ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। শিশু, প্রবীণ, হৃদ্রোগী ও অসুস্থ ব্যক্তিরা এ ধরনের শব্দে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।
তিনি আরও বলেন, অনুমতি ছাড়া বিকন লাইট ব্যবহার করলেও সড়কে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হতে পারে।
শব্দদূষণ নিয়ন্ত্রণে ২০২৫ সালের বিধিমালায় এলাকাভিত্তিক শব্দের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। নীরব এলাকায় দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবেল, আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেল শব্দের মাত্রা অনুমোদিত।
এ ছাড়া মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে সর্বোচ্চ ৭৫ ও রাতে ৭০ ডেসিবেল শব্দের সীমা নির্ধারণ করা হয়েছে।
বিধিমালায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে গণ্য করা হয়েছে।
