কুমিল্লার হোমনায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় হোমনা উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সেলিম ভূঁইয়া বলেন, হোমনার মানুষ শান্তিপ্রিয়। তারাও এলাকায় শান্তি ও উন্নয়ন চান। কেউ যেন সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখামাত্র প্রতিহত করার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে যথাযথ জবাব দিতে হবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। হোমনায় সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনার পরও বিএনপির নেতাকর্মীরা সংযম বজায় রেখেছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সেলিম ভূঁইয়া নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। শান্তিশৃঙ্খলা বজায় রেখে নৈরাজ্য প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহসভাপতি জাকির হাসান (জাকি), সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা ও মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম হিমেল, দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টার, যুগ্ম সম্পাদক শেফালী বেগম, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল লতিফ, উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল সরকার, শ্রমিক দলের সভাপতি মো. মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি অহিদুজ্জামান মোল্লা, ছাত্রদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম অপুসহ উপজেলার নয়টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
