পাবনার ঈশ্বরদীতে শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় মুনসুর আলী বিশ্বাস (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনসুর আলী বিশ্বাস উপজেলার সলিমপুর ইউনিয়নের চর ছিলিমপুরের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আ. রশিদ বিশ্বাসের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ঈশ্বরদী বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন মুনসুর আলী। পথে আলহাজ মোড় এলাকায় পৌঁছালে একটি শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়ভাবে এ ধরনের গাড়ি ‘কুত্তাগাড়ি’ নামে পরিচিত।
দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর গাড়িটির চালক পালিয়ে গেলেও স্থানীয় মোটর শ্রমিক দলের নেতারা গাড়িটি আটক করে নিজেদের কার্যালয়ে নিয়ে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, নিহতের মরদেহ থানার হিমাগারে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত স্টিয়ারিং গাড়িটিও আটক রয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
