বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একটি নির্দিষ্ট দলীয় দৃষ্টিভঙ্গির মধ্যে আটকে রাখতে চেয়েছিলেন।
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ জাতীয় প্রেস ক্লাবে ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ প্ল্যাটফর্ম এ অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে অনুপ্রাণিত করেছিলেন। তাঁর ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হলেও মানুষের হৃদয়ে স্থান পাওয়া ইতিহাস মুছে ফেলা সম্ভব হয়নি।
রিজভী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থান—সবই বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি আন্দোলনের চেতনা পরবর্তী আন্দোলনগুলোকে প্রভাবিত করেছে। তাঁর মতে, ১৯৯০ সালের আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। পরবর্তী সময়ে জুলাইয়ের আন্দোলনেও সেই গণতান্ত্রিক চেতনার প্রতিফলন ঘটেছে।
তিনি আরও বলেন, ১৯৯০ সালের গণতান্ত্রিক চেতনা, ৭ নভেম্বরের আদর্শ এবং জুলাইয়ের অর্জনকে ধারণ করেই নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে শুধু সরকার গঠন করলেই দায়িত্ব শেষ হয় না; গণতন্ত্রকে টেকসই করতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করাও জরুরি।
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন, ওই আন্দোলনের অর্জন ও গৌরব তাঁকে পরবর্তী ৩৬ বছর ধরে গণতন্ত্রের পক্ষে লড়াই চালিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে। সেই সংগ্রামের ধারাবাহিকতাতেই শেষ পর্যন্ত শেখ হাসিনার শাসনের পতন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
