যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম।
শুক্রবার (২৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়।
ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেন, মার্কিন সামরিক বাহিনী দুটি ইরানি তেলবাহী জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। পরে ইরানি বাহিনীর সদস্যরা জাহাজ দুটিতে প্রবেশ করেন। সে সময় জাহাজের নাবিকরা ঘুমিয়ে ছিলেন। এরপর অভিযান চালিয়ে ট্যাংকার দুটি উদ্ধার করা হয় বলে দাবি করেন তিনি।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার কথা বলে মার্কিন সামরিক বাহিনী জাহাজের মালিকদের কাছ থেকে অর্থ আদায় করছে বলেও অভিযোগ করেছেন শাহরাম ইরানি।
তবে ঠিক কবে ট্যাংকার দুটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে গিয়েছিল এবং কখন সেগুলো উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
