সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে অংশ নিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সভায় সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে জামায়াতের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে জামায়াতের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। দলটি বলেছে, ১১ দলীয় ঐক্যকে সঙ্গে নিয়েই সংলাপে বসতে চায় তারা। পাশাপাশি আলোচনার স্থান নিরপেক্ষ হওয়ার বিষয়েও নিজেদের অবস্থানে অনড় রয়েছে।
জোটগতভাবে সংলাপে বসার সিদ্ধান্ত
সংলাপের বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বিরোধী দল হিসেবে সরকারের সঙ্গে দলটির যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে সম্ভাব্য সংলাপে অংশ নেওয়ার প্রক্রিয়া নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সম্মিলিতভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও জানান, সংলাপের তারিখ ও সময় চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে। ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের আলোচনায় এনসিপিও থাকবে বলে দলটিকে জানানো হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তাদের জানানো হয়েছে, ১১ দলীয় ঐক্য একসঙ্গেই আলোচনায় বসতে চায়। এ ছাড়া সংলাপের জন্য সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ স্থান নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ১১ দলের দাবিগুলো অভিন্ন হওয়ায় জোটগতভাবেই ইসির সঙ্গে বসতে চায় জামায়াত। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে রবিবার একসঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নকে প্রধান শর্ত
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ প্রসঙ্গে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক ও সংলাপের মধ্যে পার্থক্য রয়েছে। সংলাপের ক্ষেত্রে নিরপেক্ষ স্থান নির্ধারণের পাশাপাশি বিভিন্ন দাবি এবং সেগুলো নিয়ে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ও গুরুত্বপূর্ণ।
তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন তাদের প্রধান শর্ত। তার মতে, জুলাই সনদ কার্যকর হলে অধিকাংশ সমস্যার সমাধান সম্ভব।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, সরকারের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। জামায়াত এককভাবে নয়, ১১ দলীয় জোটের পক্ষ থেকেই সংলাপে অংশ নিতে আগ্রহী। শিগগিরই এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে সম্ভাব্য দুই সংলাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা আহ্বান করা হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
