নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসার বারান্দার একটি কক্ষে থাকা বেশ কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবীবিষয়ক সহসম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ ঘটনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ তুলেছেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বাসার বারান্দার একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন বাড়ির ভেতরে থাকা লোকজন। তাৎক্ষণিকভাবে তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে আশপাশের বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন।
ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। পরে মুঠোফোনে তিনি জানান, বেশ কিছুদিন ধরে বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি দলের কেন্দ্রীয় নেতাদেরও অবহিত করেছিলেন।
ফাহিম রহমান খান পাঠানের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরাই তার বাসায় আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
এদিকে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
