যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে প্রায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব গম জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জাহাজের সুকানি আব্দুর রহমান, মো. হায়াতুল ইসলাম, নয়ন, রায়হান উদ্দিন ও খালিদ হাসান। তাঁদের বাড়ি মাগুরা, ফরিদপুর, নোয়াখালী ও নড়াইলের বিভিন্ন এলাকায়।
এসআরবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাগেরহাটের মোংলা হারবারিয়া এলাকা থেকে ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়। রাত প্রায় তিনটার দিকে জাহাজটি নৌবন্দরে পৌঁছে রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ‘মেসার্স পানামা ট্রেডার্স’-এর মালিকানাধীন এমভি সূর্যবানু-১১ নামের জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮০ বস্তায় থাকা মোট ১৫০ টন গম উদ্ধার করা হয়। একই সঙ্গে জাহাজটি জব্দ এবং দুই সুকানিসহ পাঁচ কর্মীকে আটক করা হয়।
এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, উদ্ধার করা গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
