বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া এবং মুসলিম অনুপ্রবেশকারীদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার কোচবিহারের রাসমেলা উদ্বোধনী অনুষ্ঠানে জেলার পুলিশ সুপারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। বিশেষ করে মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তারা যে পথে ভারতে প্রবেশ করেছেন, সেই পথেই ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। অন্যদিকে, ধর্মীয় কারণে জীবন রক্ষার তাগিদে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা না করে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার কথা বলেন তিনি।
সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মাদক ও জাল নোট পাচার, গবাদিপশু পাচার এবং হত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নারী সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার কথা বলেন তিনি।
গবাদিপশু সুরক্ষায় ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্ট অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন শুভেন্দু।
এদিকে, রাসমেলা উদ্বোধনী অনুষ্ঠানে কোচবিহারের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন তিনি। উড়ান প্রকল্পের আওতায় বিমানবন্দরের কাজ এগিয়ে নেওয়া, জমি অধিগ্রহণের মাধ্যমে আধুনিক হাসপাতাল নির্মাণ এবং শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নের কথা জানান মুখ্যমন্ত্রী।
জেলার ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর সংস্কার এবং সৌন্দর্যবর্ধনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এর মধ্যে কোচবিহার রাজবাড়ির আমলের ২৯টি মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, গৌড়ীয় মঠসহ রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী স্থানগুলো রয়েছে।
সামাজিক সুরক্ষা প্রকল্প বাস্তবায়নে স্থানীয় বিধায়কদেরও দায়িত্ব পালনের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। যোগ্য নারীরা যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা পান এবং গৃহহীনদের নাম প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে অন্তর্ভুক্ত হয়, তা নিশ্চিত করতে বলেন তিনি।
এ ছাড়া আগামী জানুয়ারি থেকে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য ‘ভরসা’ প্রকল্প চালুর পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। কোচবিহারের যোগ্য আবেদনকারীরা যাতে এ প্রকল্পের সুবিধা পান, সে বিষয়ে নজর রাখতে বিধায়কদের নির্দেশ দেন তিনি।
তবে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে শরণার্থী বা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করার ক্ষেত্রে কী ধরনের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে, সে বিষয়ে বক্তব্যে বিস্তারিত ব্যাখ্যা দেননি শুভেন্দু অধিকারী।
