নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় জাদুঘর মোড়ের ফুটপাতে থাকা অন্তত ১০টি দোকানে আগুন দেওয়া হয়। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক এবং যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতা-কর্মীদের হাতে দেশি অস্ত্র দেখা যায়। এ ছাড়া পিস্তল দিয়ে গুলি ছোড়ার ঘটনাও প্রত্যক্ষ করেন স্থানীয়রা।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, শাহিনুর রহমান নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। ইমদাদুল হকের দাবি, শাহিনুর নিষিদ্ধ ছাত্রলীগের একটি ওয়ার্ড কমিটির সহসভাপতি।
ঘটনার সূত্রপাত আগের দিন রাত সাড়ে ১০টার দিকে। নগরের টিবি পুকুর এলাকার একটি দোকানে সাফায়েত হোসেনের চাচাতো ভাই কৌশিকের সঙ্গে বসে ছিলেন শাহিনুর। এ সময় ইমদাদুল হকের অনুসারী ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এরপর সাফায়েত হোসেন জাদুঘর মোড়ে ইমদাদুল হকের সঙ্গে দেখা করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর জাদুঘর মোড়ে গেলে সাফায়েত হোসেনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও হামলায় যুক্ত হন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান ইমদাদুল।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাফায়েত হোসেন। তাঁর দাবি, ইমদাদুল হক আওয়ামী লীগের অর্থায়নে রাজনীতি করেন এবং সংঘর্ষের ঘটনায় তাঁকে জড়িয়ে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। এ ছাড়া ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুটের ঘটনায় ইমদাদুলের অনুসারীদের জড়িত থাকার অভিযোগও করেন তিনি।
এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে। তবে অন্য কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
অন্যদিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ। তিনি জানান, শাহিনুর বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে দুই নেতার অভিযোগ
সংঘর্ষের ঘটনার পর বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন ইমদাদুল হক ও সাফায়েত হোসেন।
বিকেলে রাজশাহী কলেজে সংবাদ সম্মেলনে সাফায়েত দাবি করেন, ইমদাদুলের পরিবারেও আওয়ামী লীগের সদস্য রয়েছেন। অথচ তিনি সাধারণ মানুষকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়ে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। তাঁর অভিযোগ, প্রথমে চাঁদা দাবি করা হয়, চাঁদা দিলে কোনো সমস্যা হয় না; আর চাঁদা না দিলে পুলিশে দেওয়া হয়।
অন্যদিকে পৃথক সংবাদ সম্মেলনে ইমদাদুল হক দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশি অস্ত্র ও ককটেল নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ইমদাদুল বলেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি পদত্যাগ করে আইনের কাছে আত্মসমর্পণ করবেন।
দুই নেতার পদ দুই মাসের জন্য স্থগিত
এদিকে সংঘর্ষের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন এবং তাঁর অনুসারী আরেক যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেনের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।
