দেশের অর্থনীতি শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতকে আধুনিক উৎপাদনশিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় একটি উৎস হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জানিয়েছেন, প্রাণিসম্পদ খাতকে স্বনির্ভর ও লাভজনক করতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তি এবং উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ খাতকে পরিকল্পিতভাবে উৎপাদনশিল্পে পরিণত করা সম্ভব হলে দেশের অর্থনীতিকে স্বনির্ভর করে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, কার্যকর উদ্যোগ এবং সরকারের সদিচ্ছা।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞাননির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। গবাদিপশুর রোগ প্রতিরোধ, চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা যেন প্রান্তিক পর্যায়ের খামারিরাও সহজে পান, সে লক্ষ্যে কাজ চলছে।
খামারিদের এ খাতের প্রধান চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন খামার গড়ে তোলা এবং বিদ্যমান খামারের সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি সহযোগিতা প্রদান করবে।
পুষ্টি ও মানবসম্পদ উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেন সরকারপ্রধান। তিনি বলেন, একটি মেধাবী ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আর এ লক্ষ্য অর্জনে প্রাণিজ আমিষের পর্যাপ্ত সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৮টি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘প্রাণিসম্পদ পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
