রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ ও বাণিজ্য সম্প্রসারণে আরও বেশি সুবিধা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির। এ সময় বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতে গম এবং সার সরবরাহে রাশিয়ার অবদানের কথাও তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের মধ্যে যেসব চুক্তি ও গুরুত্বপূর্ণ দলিল এখনো চূড়ান্ত হয়নি, সেগুলোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে বৃত্তি ও একাডেমিক বিনিময়ের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় রুশ দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান হুমায়ুন কবির।
জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয় রাশিয়া। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে মস্কো আগ্রহী।
