দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি হবে ১৭ হাজার টাকা। আর সর্বোচ্চ গ্রেডের শ্রমিকেরা পাবেন ২১ হাজার ৫০০ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে শিগগিরই সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন মজুরিকাঠামোয় আগের মতোই চারটি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা। আর সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড-৪-এর শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বোর্ডের চতুর্থ সভা। দীর্ঘ আলোচনা শেষে বুধবার ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামোর ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণের বিষয়ে বোর্ডের সদস্যরা একমত হয়েছেন। তবে চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুসারে গোপন ভোটের আয়োজন করা হয়। পরে ১২৯(১) বিধি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।
এদিকে শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ড চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান বাতিলের প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কোন গ্রেডে কত মজুরি?
| গ্রেড | মাসিক ন্যূনতম মজুরি |
|---|---|
| গ্রেড-১ | ২১,৫০০ টাকা |
| গ্রেড-২ | ২০,০০০ টাকা |
| গ্রেড-৩ | ১৯,২০০ টাকা |
| গ্রেড-৪ | ১৭,০০০ টাকা |
