ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বৈঠক এবং বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোকে একই ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব অভিযোগ করেন। দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে রিজভী অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সরকারের নেতারা অর্থের জোগান দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন। তার দাবি, গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি শাখার সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, বিভিন্ন যানবাহনে আগুন এবং ভাঙ্গায় কৃষক দলের রাজু ও নড়াইলের কালিয়ায় জাসাস ও কৃষক দলের নেতাদের হত্যার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে।
পেট্রাপোল বন্দরে ভারতের ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতার প্রায় দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় সরকারের সমর্থন ছাড়া দেশটির সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক ও নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে এমন বৈঠকে অংশ নিতে পারেন।
এ সময় শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চেয়ে দেশে ফেরার সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার রাজনৈতিক ব্যবহার নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তার অভিযোগ, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হলেও অতীতে দিল্লির প্রতি নতজানু নীতি অনুসরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করা ব্যক্তিদের প্রতিনিধিত্ব করেন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তাজউদ্দীন আহমদের কন্যার লেখা একটি বইয়ের প্রসঙ্গ তুলে ১৯৭১ সালের রাজনৈতিক পরিস্থিতি এবং স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভিন্ন মন্তব্য করেন রিজভী। পাশাপাশি ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনব্যবস্থা, রক্ষীবাহিনী গঠন ও বাকশাল প্রতিষ্ঠার সমালোচনা করেন। বিগত ১৭ বছরের শাসনামলে গুম, ক্রসফায়ার, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং ব্যাংকিং খাতে অর্থ লুটপাটের অভিযোগও তুলে ধরেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে তা প্রতিহত করবে। একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আধিপত্যবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন। এ ছাড়া সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
