ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করলেও এর প্রভাব এখনো কাটেনি। দক্ষিণ ওড়িশা ও আশপাশের এলাকায় অবস্থান করা ঝড়টির প্রভাবে বাংলাদেশজুড়েও বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিও হতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, শনিবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২২ নভেম্বর) বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শুরুতে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। সেখানে ১২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
