রাজধানীর নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তির খবর মিলছে। আগের কয়েক সপ্তাহের তুলনায় কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। পাশাপাশি কয়েক ধরনের মাছের দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে গরু ও খাসির মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে একেক বাজারে একেক রকম দাম।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচা ও বাসাবো বালুরমাঠ এলাকার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, দুই এলাকাতেই প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩০০ টাকা। তবে গরুর মাংসের ক্ষেত্রে দুই বাজারে রয়েছে দামের ব্যবধান। সেগুনবাগিচায় প্রতি কেজি গরুর মাংস ৮৫০ টাকা এবং বাসাবো বালুরমাঠে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে।
খাসির মাংসের দামও এক নয়। সেগুনবাগিচায় প্রতি কেজি খাসির মাংসের জন্য ক্রেতাদের দিতে হচ্ছে ১ হাজার ৩০০ টাকা। অন্যদিকে বাসাবো বালুরমাঠে একই মাংস পাওয়া যাচ্ছে ১ হাজার ২৫০ টাকায়। দুই বাজারেই প্রতি ডজন ডিমের দাম রাখা হচ্ছে ১৪০ টাকা।
ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বরের প্রথম দিকে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে ওঠানামা করছিল। বর্তমানে তা কমে ১৭০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ কয়েক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম কমেছে।
সোনালি মুরগির বাজারেও একই প্রবণতা দেখা যাচ্ছে। আগে প্রতি কেজি ৩১০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম নেমে এসেছে ৩০০ টাকায়।
ডিমের দামেও কিছুটা পরিবর্তন এসেছে। মাসের শুরুতে প্রতি ডজন লাল ডিমের দাম ছিল ১৪৫ থেকে ১৫০ টাকা। সাদা ডিম বিক্রি হতো ১৩০ থেকে ১৩৫ টাকায়। বর্তমানে দুই ধরনের ডিমের ডজনই প্রায় ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও কয়েকটি পণ্যে স্বস্তি ফিরেছে। বর্তমানে প্রতি কেজি তেলাপিয়া ও পাঙাশ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আকার ও মান অনুযায়ী রুই মাছের দাম ৩৪০ থেকে ৩৮০ টাকা। সামুদ্রিক বাইলা ও পোয়া মাছের কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা। আর লইট্যা মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
তবে তুলনামূলক দামি মাছের তালিকায় রয়েছে টেংরা, কই ও শিং। প্রতি কেজি টেংরা ৬০০ টাকা, কই ৬০০ থেকে ৮০০ টাকা এবং শিং মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
আগের কয়েক সপ্তাহের তুলনায় রুই মাছের দামও কমেছে। আগে প্রতি কেজি এই মাছ কিনতে ৩৮০ থেকে ৪৮০ টাকা খরচ হলেও বর্তমানে তা পাওয়া যাচ্ছে ৩৪০ থেকে ৩৮০ টাকার মধ্যে। পাঙাশের দামেও আগের তুলনায় নিম্নমুখী প্রবণতা রয়েছে।
সব মিলিয়ে রাজধানীর বাজারে মাছ, মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি দেখা গেলেও মাংসের বাজারে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। বিশেষ করে গরু ও খাসির মাংসের দামে এলাকাভেদে পার্থক্য থাকায় কেনাকাটার আগে বাজার যাচাই করতে হচ্ছে ক্রেতাদের।
