দেশের নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশনের বিরতির সময় শিক্ষার্থীরা তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পান।
এদিন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক।
এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী এবং ছয়জন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুইজন শিক্ষকও তাঁদের সঙ্গে ছিলেন।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবন ও সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
প্রথমত, পরিচ্ছন্নতা বজায় রাখা। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজেদের বাড়িঘর, শহর এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
দ্বিতীয়ত, বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এ ধরনের ছোট উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তৃতীয়ত, প্রাণীর প্রতি মানবিক আচরণ। পশুপাখিসহ সব ধরনের প্রাণীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানান তিনি। প্রাণীদের সঙ্গে সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার গুরুত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এর আগে সংসদ ভবন সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তাঁরা জাতীয় সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় দলীয় ফটোসেশনেও অংশ নেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই মতবিনিময়ে নাগরিক দায়িত্ব, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
