কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন দক্ষিণ কোরিয়ার এক পরীক্ষার্থী। প্রায় নিখুঁত নম্বর পেয়ে সবার নজর কাড়লেও শেষ পর্যন্ত সমালোচনা ও সন্দেহের মুখে নিজের প্রতারণার কথা স্বীকার করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর দক্ষিণ কোরিয়ার জাতীয় কর হিসাববিদ পরীক্ষায় অংশ নেন ওই ব্যক্তি। কয়েক শ প্রশ্নের মধ্যে প্রায় সবগুলোর সঠিক উত্তর দিয়ে শীর্ষস্থান দখল করেন তিনি। তবে এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত দুটি পরীক্ষায় তাঁর অস্বাভাবিক ভালো ফলাফল নিয়ে শুরু থেকেই সন্দেহ তৈরি হয়েছিল। কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলার পর অবশেষে সামনে আসে পরীক্ষায় জালিয়াতির ঘটনা।
ওই পরীক্ষার্থী নিজের পরিচয় শুধু ‘হান’ পদবিতে প্রকাশ করেছেন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বক্তব্যে তিনি জানান, ইলেকট্রনিক ডিভাইস এবং জেনারেটিভ এআই ব্যবহার করেই পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করেছিলেন। এমনকি তাঁর ভাষায়, প্রথম স্থান অর্জন কোনো প্রকৃত মেধা বা পরিশ্রমের ফল ছিল না।
প্রতারণার কৌশল সম্পর্কে হান জানান, পরীক্ষার হলে প্রশ্নপত্রের ছবি তোলার জন্য তিনি একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করেন। এরপর তোলা ছবিগুলো এআই টুলে পাঠিয়ে প্রশ্নের উত্তর সংগ্রহ করতেন। পরে স্মার্টফোনের মাধ্যমে সেই উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখতেন।
মুখে মাস্ক পরে দেওয়া ভিডিও বার্তায় তিনি আরও জানান, নিজের অপরাধ স্বীকার করে ইতোমধ্যে সিউল পুলিশের কাছে লিখিত বক্তব্য জমা দিয়েছেন।
ঘটনাটি দক্ষিণ কোরিয়াজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। দেশটিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল একজন মানুষের উচ্চশিক্ষা, চাকরি এবং সামাজিক অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখে। ফলে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার ঘটনা দেশটির শিক্ষাব্যবস্থা ও পরীক্ষার নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
বিশেষ করে আগামী বৃহস্পতিবার দেশটির বার্ষিক জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এর মাত্র চার দিন আগে এ ঘটনা প্রকাশ্যে আসায় উদ্বেগ আরও বেড়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার সাংবাদিকদের জানান, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের সম্ভাবনা ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এ নিয়ে জরুরি বৈঠক আয়োজনের কথাও জানিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হান সোক-সুকও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের আশঙ্কা নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগের কথা স্বীকার করেন। তাঁর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকার আগাম প্রস্তুতি নেবে এবং পুরো পরীক্ষাপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির দ্রুত বিস্তার একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে পরীক্ষার প্রচলিত নিরাপত্তাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। দক্ষিণ কোরিয়ার এই ঘটনা প্রমাণ করছে, আধুনিক প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে পরীক্ষার হলের নজরদারি ও নিরাপত্তাব্যবস্থায় নতুন করে পরিবর্তন আনা জরুরি।
