দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নাশকতা, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে মাদক চোরাচালান বন্ধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার এলাকায় বর্ডার ফেন্সিং নির্মাণ ও বিদ্যমান অবকাঠামো আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সংসদ সচিবালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়গুলো জানানো হয়।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং কমিটির অন্যান্য সদস্য।
বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের মূল উৎস শনাক্ত করে তা বন্ধে কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আর্থিক লেনদেন, অবৈধ সম্পদ এবং অপরাধলব্ধ অর্থের উৎস অনুসন্ধানের সুপারিশ করেন তিনি।
সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার বিষয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন হুইপ রকিবুল ইসলাম। তিনি সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন।
অন্যদিকে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মনে করেন, মাদকের বিস্তার ঠেকাতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। তাঁর মতে, মাদক নিয়ন্ত্রণ কোনো একটি মন্ত্রণালয় বা বাহিনীর একক দায়িত্ব নয়; এটি জাতীয় পর্যায়ের সমন্বিত প্রচেষ্টার বিষয়।
বৈঠকে মাদকসংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি দেশের যেসব সীমান্ত এলাকা দিয়ে মাদক প্রবেশের ঝুঁকি বেশি, সেগুলো এবং চোরাচালানের প্রচলিত রুট চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর জোর দেন কমিটির সদস্যরা। সীমান্তে যৌথ নজরদারি, অভিযান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে নিরাপত্তাব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
