যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক দুটি এআই চিপ কিনেছে চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্ববিদ্যালয়। গত অক্টোবরে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি প্রায় ১ লাখ ২৩ হাজার ডলারের বিনিময়ে চিপ দুটি সংগ্রহ করে।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ক্রয়সংক্রান্ত নথিতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টি দুটি ‘এইচ২০০’ চিপের জন্য ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ান ব্যয় করেছে। গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নথিতেও এ কেনাকাটার তথ্য পাওয়া যায়।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার অন্যতম উদ্দেশ্য হলো, চীনের সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে উন্নত মার্কিন প্রযুক্তি পৌঁছানো বন্ধ করা। কিন্তু স্থানীয় সরবরাহকারীদের মাধ্যমে এসব প্রযুক্তি সংগ্রহের সুযোগ থাকায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে দুর্বলতা দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
এদিকে চীনে এনভিডিয়ার উন্নত চিপ বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল করার পক্ষে অবস্থান নেওয়ায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং যুক্তরাষ্ট্রে সমালোচনার মুখে রয়েছেন। হুয়াংয়ের বক্তব্য, চীনের বাজারে মার্কিন প্রযুক্তির সরবরাহ বজায় থাকলে বৈশ্বিক প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব শক্তিশালী থাকবে এবং চীনা প্রতিষ্ঠানগুলো মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকবে।
তবে মার্কিন আইনপ্রণেতাদের আশঙ্কা, শক্তিশালী এআই চিপ ব্যবহার করে চীন সামরিক সক্ষমতা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং নতুন অস্ত্র তৈরির গবেষণায় আরও অগ্রসর হতে পারে।
কীভাবে চিপ পেল বিশ্ববিদ্যালয়টি?
নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি চীনের সামরিক গবেষণাকেন্দ্রিক ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’ নামে পরিচিত সাতটি বিশ্ববিদ্যালয়ের একটি। ক্ষেপণাস্ত্র ও সামরিক বিমান নিয়ে গবেষণায় জড়িত থাকার অভিযোগে ২০০১ সালে প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ২০১৯ সালে এর ওপর বিধিনিষেধ আরও কঠোর করা হয়।
রয়টার্সের পর্যালোচনা করা নথি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি সরাসরি এনভিডিয়ার কাছ থেকে চিপ দুটি কেনেনি। চীনের স্থানীয় প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজি’র মাধ্যমে সেগুলো সংগ্রহ করা হয়েছে। নথিতে বলা হয়েছে, চিপ দুটি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা অনুষদের জন্য কেনা হয়েছিল।
এনভিডিয়ার এইচ২০০ বিশ্বের অত্যাধুনিক এআই চিপগুলোর মধ্যে অন্যতম। বড় আকারের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরি ও প্রশিক্ষণের কাজে এটি ব্যবহৃত হয়। চীনে এ ধরনের চিপ রপ্তানির ক্ষেত্রে মার্কিন সরকারের বিশেষ অনুমোদন প্রয়োজন। নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানের কাছে এগুলো বিক্রির অনুমতি পাওয়ার কথা নয়।
ভাড়ায়ও ব্যবহার করেছে উন্নত চিপ
শুধু সরাসরি কেনাকাটার মাধ্যমেই নয়, বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নিয়েও বিশ্ববিদ্যালয়টি এনভিডিয়ার শক্তিশালী চিপ ব্যবহারের সুযোগ পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা অনুষদ আটটি করে এইচ২০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের জন্য সাত মাস মেয়াদি দুটি চুক্তি করে। প্রায় ৮ লাখ ৮৩ হাজার ইউয়ানের এসব চুক্তির উদ্দেশ্য ছিল এআই মডেলের উন্নয়ন এবং রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের প্রশিক্ষণ।
রয়টার্স আরও ২৬টি সরকারি নথি পর্যালোচনা করে চীনের সামরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্রে নিষিদ্ধ এনভিডিয়া চিপ কেনা কিংবা সার্ভার ভাড়া নেওয়ার তথ্য পেয়েছে।
এসব নথিতে দেখা যায়, গত এপ্রিলে সামরিক গবেষণার সঙ্গে যুক্ত বেইহাং ইউনিভার্সিটি চারটি এ৮০০ চিপ কেনে। সেপ্টেম্বরে শেনজেন ইউনিভার্সিটি তিনটি এইচ১০০ চিপ সংগ্রহ করে। আর জুনে উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি একটি এইচ১০০ সার্ভার ও চারটি এ১০০ চিপ কেনে।
এর আগে রয়টার্স জানিয়েছিল, ডেল ও গিগাবাইটের তৈরি সার্ভারে থাকা এনভিডিয়ার চিপ স্থানীয় পুনর্বিক্রেতা কিংবা তৃতীয় কোনো দেশের মজুত থেকে চীনে পৌঁছানোর ঘটনা ঘটেছে।
নিষেধাজ্ঞা কার্যকর করা নিয়ে নতুন প্রশ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জানুয়ারি থেকে নির্দিষ্ট শর্তে এইচ২০০ চিপ চীনে রপ্তানির অনুমতি দিতে শুরু করে। তবে প্রতিটি চালানের জন্য আলাদা অনুমোদন এবং সামরিক বা কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো যাতে দূর থেকে এসব চিপ ব্যবহারের সুযোগ না পায়, সে বিষয়ে শর্ত রয়েছে।
কিন্তু রয়টার্সের হাতে আসা নথিতে নিষেধাজ্ঞার আওতায় থাকা বিশ্ববিদ্যালয়টির চিপ ব্যবহারের তথ্য উঠে এসেছে। এতে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণব্যবস্থা কতটা কার্যকরভাবে কাজ করছে, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়টি ও এনভিডিয়া এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। অন্যদিকে, চিপ সরবরাহকারী প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগের কোনো ঠিকানা পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
সব মিলিয়ে, উন্নত এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের মধ্যেও চীনের সামরিক গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কীভাবে এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাচ্ছে, তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
