সৌদি আরবের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার ঘটনা এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রিয়াদগামী ফ্লাইট স্থগিত রাখার আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ফলে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে না।
তবে সৌদি আরবের অন্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমান চলাচল অব্যাহত থাকবে।
এদিকে, টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
