ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিতভাবে প্রবেশের পর আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সহযোগিতা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ও প্রবাসী কল্যাণ ডেস্ক। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় ফেরত আসা ৪৪ জনকে বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের পুনর্বাসনের জন্য অর্থনৈতিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শরিফুল হাসানের ভাষ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাংলাদেশিরা উল্লেখযোগ্য সংখ্যায় ছিলেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা শীর্ষ অবস্থানে রয়েছেন। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
তিনি আরও জানান, অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপের দেশগুলো আগের তুলনায় কঠোর অবস্থান নিয়েছে। নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হচ্ছে। ফলে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেও ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না অনেকের।
শরিফুল হাসান বলেন, ইউরোপে পৌঁছালেই জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকের মাধ্যমে অন্যদের বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে উৎসাহিত করেছিলেন।
বিদেশগামীদের উদ্দেশে তিনি ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ উপায়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন।
এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।
ইউরোপ থেকে অনিয়মিতভাবে প্রবেশকারী বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার। এই প্রক্রিয়ার আওতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বড় একটি অংশ এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।
ব্র্যাকের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যা বেশি। দেশে ফেরার পর তাদের জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার সুযোগ তৈরির চেষ্টা করা হয়।
একই সঙ্গে ঝুঁকিপূর্ণ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক। অন্যদিকে, বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেওয়ার উদ্যোগও নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ।
