ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে প্রতারণার শিকার হয়েছেন মেহেরপুরের গাংনীর এক দৃষ্টিপ্রতিবন্ধী নারী। কার্ড পাওয়ার নিয়ম বুঝিয়ে দেওয়ার কথা বলে মোবাইল ফোনে আসা ওটিপি নম্বর হাতিয়ে নেয় প্রতারক চক্র। এরপর তিন দফায় তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা সরিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী ওই নারীর নাম পারেছা খাতুন। তিনি গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
পারিবারিকভাবে নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটছে পারেছার। তাঁর স্বামী শাহিন আলম বুদ্ধিপ্রতিবন্ধী। তাঁদের দুই সন্তান পারভেজ আহমেদ (৭) ও হামিম আহমেদ (৪)—দুজনই জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। এ ছাড়া পরিবারে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ননদ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি পারেছাকে ফোন করেন। তাঁর ছেলের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে কার্ডের সুবিধা পাওয়ার পদ্ধতি বুঝিয়ে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে মোবাইলে আসা ওটিপি নম্বর জানতে চান ওই ব্যক্তি।
প্রতারকের কথায় বিশ্বাস করে পারেছা তাঁর ফোনে আসা ওটিপি নম্বর জানিয়ে দেন। এরপরই তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে তিনবারে মোট ১২ হাজার ৮৯৯ টাকা অন্য একটি নম্বরে পাঠিয়ে দেওয়া হয়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি গাংনী থানায় অভিযোগ করেন।
পারেছা খাতুন জানান, মোবাইল ফোনের প্রযুক্তিগত বিষয় সম্পর্কে তাঁর তেমন ধারণা নেই। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় ফোনে আসা বার্তাও নিজে পড়তে পারেন না। এ কারণে একজন আত্মীয়কে ডেকে ওটিপি নম্বর জানাতে সাহায্য নিয়েছিলেন। কিন্তু তাঁরাও প্রতারণার বিষয়টি বুঝতে পারেননি।
কান্নাজড়িত কণ্ঠে পারেছা বলেন, প্রতারকেরা তাঁর অসহায়ত্বের সুযোগ নিয়ে শেষ সম্বলটুকু নিয়ে গেছে। প্রশাসনের কাছে তাঁর অনুরোধ, টাকা উদ্ধারের ব্যবস্থা করে যেন তাঁকে সহযোগিতা করা হয়।
স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, পারেছার সংসার পরিচালনা করা এমনিতেই কঠিন। দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে তাঁকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। তাঁর কাছে এই অর্থ ছিল অনেক বড় সহায়। প্রতারণার মাধ্যমে সেই টাকাও হারিয়ে এখন পরিবারটি আরও সংকটে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারেছা ছাগল ও হাঁস-মুরগি পালন করে সংসারের খরচ জোগানোর চেষ্টা করেন। অন্যের কাছে হাত না পেতে নিজের পরিশ্রমেই পরিবার চালাতে চান তিনি। তাঁর স্বামীও কাজের চেষ্টা করলেও নিয়মিত কর্মসংস্থানের সুযোগ পান না।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম জানান, পরিবারটি দীর্ঘদিন ধরেই আর্থিক ও পারিবারিক সংকটের মধ্যে রয়েছে। পারেছার পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ঘটনাটি তাঁর নজরে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
অন্যদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পারেছা খাতুনের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আইন অনুযায়ী গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় ওটিপি দেওয়ার পর নিজের প্রতিবন্ধী ভাতার টাকা হারিয়ে এখন দিশেহারা পারেছা। অসহায় এই পরিবারের অর্থ উদ্ধারে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়।
