দেশে ধীরে ধীরে আসতে শুরু করেছে শীতের আমেজ। ভোরের কুয়াশা, ঘাসের ওপর জমে থাকা শিশির আর রাতের ঠান্ডা বাতাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। তবে এখনই শীতের তীব্রতা খুব বেশি না থাকলেও ডিসেম্বর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
রাজধানীর বাইরে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলক বেশি। অন্যদিকে ঢাকায় এখনো দিনের বেলায় তাপমাত্রা বেশ স্বাভাবিক থাকছে। তবে রাত ও ভোরের দিকে ঠান্ডা বাতাসের কারণে শীতের উপস্থিতি কিছুটা টের পাওয়া যাচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
আবহাওয়াবিদদের মতে, ভৌগোলিক অবস্থানের কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব আগে দেখা দেয়। তবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে এবার তাপমাত্রার স্বাভাবিক অনুভূতিতে কিছুটা পরিবর্তন থাকতে পারে।
এদিকে রাজধানী ঢাকায় এখনো শীতের প্রভাব খুব একটা স্পষ্ট নয়। রাতে হালকা ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে। পাশাপাশি আকাশ মেঘলা থাকায় ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে বুধবার সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের বিচ্ছিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
তবে আবহাওয়ার এই পরিস্থিতি সাময়িক। ডিসেম্বর মাস থেকে তাপমাত্রা আরও কমতে শুরু করতে পারে। বিশেষ করে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মৌসুমি পূর্বাভাস অনুযায়ী, এবারের শীত মৌসুমে দেশে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ফলে ডিসেম্বর থেকে শুরু করে শীতের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে।
