যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমরান অভয়নগর উপজেলার বুইকারা রানাভাটা এলাকার বাসিন্দা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে যশোর আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর দুপুরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী শিক্ষকদের মিলনায়তনে যায়। এ সময় অভিযুক্ত শিক্ষক তাকে জোর করে শিক্ষকদের ব্যবহৃত টয়লেটে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
পরদিন শিশুটি স্কুলে যেতে অনীহা প্রকাশ করলে তার মা কারণ জানতে চান। তখন শিশুটি পরিবারের কাছে ঘটনার কথা জানায়। পরে তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
এ ঘটনায় শিশুটির বাবা গত ২৮ অক্টোবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। পরে ঘটনায় সহযোগিতার অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক ইমরান পলাতক ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ঘটনার পর শিশুটি পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিল। বর্তমানে সে অনেকটাই সুস্থ। মূল অভিযুক্ত শিক্ষক বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত অভয়নগর থানা পুলিশের একটি দল তাঁকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, এ ধরনের অপরাধের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন ও সহযোগিতার অভিযোগে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি. এম. আলমগীর কবির জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দপ্তরির বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি তদন্ত করে ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলছে।
