গাজীপুর মহানগরের কাশিমপুর ও কোনাবাড়ীর জরুন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন দুটি কারখানার শ্রমিকরা। এ পরিস্থিতিতে আশপাশের এলাকায় অবস্থিত ছয়টি কারখানা এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের বিক্ষোভ শুরু হলে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নিটওয়্যার কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদেরও বাইরে বেরিয়ে আসার আহ্বান জানান। এতে কয়েকটি কারখানার শ্রমিক বাইরে চলে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে নাওজোর এলাকার আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনার চেষ্টা করা হয়।
এ পরিস্থিতিতে কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর ও জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। পরে তাঁরা আশপাশের প্রতিষ্ঠানের শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন। পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট কয়েকটি এলাকার ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, পরবর্তী সময়ে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাসায় ফিরে গেছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
