মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে সামরিক হামলা কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়িয়ে কোনো সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর মতে, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে আলোচনার মাধ্যমেই কেবল সংকটের স্থায়ী সমাধান সম্ভব।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রতি এই বার্তা দেন আরাগচি। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে দুই দিনের বিশেষ পরিকল্পনার আওতায় যেসব দাবি ও শর্ত উপস্থাপন করা হয়েছে, সেগুলো ওয়াশিংটনকে মেনে নিতে হবে। প্রস্তাবগুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে বলেও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে সংঘাত চালিয়ে যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। বিষয়টি ট্রাম্পের আরও আগেই উপলব্ধি করা উচিত ছিল।
ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে যুক্তরাষ্ট্রকে একের পর এক সংঘাতে জড়ানোর নীতিরও সমালোচনা করেন আরাগচি। তাঁর দাবি, মার্কিন জনগণ এই নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। এ বিষয়ে নির্বাচনের ফল গণনা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলকে ভুল পথ হিসেবে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর আশা, এ ধরনের পদক্ষেপ যে কার্যকর সমাধান নয়, তা যুক্তরাষ্ট্র খুব শিগগিরই বুঝতে পারবে।
