ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে ৯০ জন শিক্ষার্থীর তৈরি মোট ২৪৫টি শিল্পকর্ম প্রদর্শিত হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পুরস্কার পাওয়া শিল্পকর্মও প্রদর্শিত হবে।
১২ নভেম্বর থেকে শুরু হয়ে প্রদর্শনী চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা শিল্পকর্মগুলো দেখার সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফছোনী।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক আব্দুস শাকুর শাহ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কারুশিল্প বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক আহমদ মোল্লা। এ সময় চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিল্পী ও সংস্কৃতিকর্মীর উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
