বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। বয়স বাড়লেও অভিনয়, ব্যক্তিত্ব ও সৌন্দর্য দিয়ে এখনো ভক্তদের মুগ্ধ করে চলেছেন তিনি। তবে বয়সের ছাপ আড়াল করতে প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে চান না এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সৌন্দর্যচর্চা ও বয়স নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক সাক্ষাৎকারে বোটক্স ও কসমেটিক সার্জারি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন কারিনা। তিনি জানান, সৌন্দর্য ধরে রাখতে কৃত্রিম ইনজেকশন কিংবা অস্ত্রোপচারের ওপর নির্ভর করার ইচ্ছা নেই তার।
কারিনার মতে, নিজের যত্ন নেওয়ার প্রকৃত উপায় হলো সুস্থ জীবনযাপন, প্রাকৃতিক থেরাপি এবং পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো। পর্দায় একজন অভিনেত্রীর সবচেয়ে বড় পরিচয় তার অভিনয় ও প্রতিভা। তাই বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর জন্য প্লাস্টিক সার্জারির প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি।
বর্তমানে তরুণীদের মধ্যে বয়স লুকিয়ে কম বয়সী দেখানোর প্রবণতা নিয়েও নিজের মতামত জানিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, বয়স বাড়াকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। বরং জীবনের প্রতিটি পর্যায়কে উপভোগ করা উচিত।
নিজের চল্লিশের দশককে জীবনের সবচেয়ে আনন্দময় সময় হিসেবে উল্লেখ করে কারিনা জানান, এই বয়সে এসে নিজেকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে তার। অভিনয়জীবনেও এখন নিজের সেরা সময় উপভোগ করছেন বলে জানান তিনি।
এদিকে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন কারিনা। সম্প্রতি মেঘনা গুলজারের ক্রাইম-ড্রামা সিনেমা ‘দাইরা’তে প্রথমবারের মতো একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারান।
সব মিলিয়ে বয়স নিয়ে লুকোচুরি নয়, বরং আত্মবিশ্বাস ও নিজের স্বাভাবিক সৌন্দর্য নিয়েই এগিয়ে যেতে চান বলিউডের এই অভিনেত্রী।
