জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করা এবং সংবিধান ও রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার অভিযোগ করেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে। এসব ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কার্যক্রম যথেষ্ট কার্যকর নয় বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, সাম্প্রতিক কয়েক দিনে মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এবং দেশের অন্তত ৫০টি স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় অবরোধ ও বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে আগুন এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনাও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
ফরিদপুরে বাসে আগুনের ঘটনায় চালক কালাচাঁন শেখের মৃত্যুর বিষয়টি তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, এসব ঘটনা অতীতের সহিংসতার স্মৃতি ফিরিয়ে আনছে।
জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তার সুযোগেই বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, নাগরিকদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী বিভিন্ন সময় সরকারকে পরামর্শ ও সহযোগিতার প্রস্তাব দিয়েছে। কিন্তু সেগুলো যথাযথ গুরুত্ব পাচ্ছে না বলে তাদের অভিযোগ।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অগ্নিসংযোগ, হামলা ও বিস্ফোরণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বিবৃতির শেষাংশে গোলাম পরওয়ার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি সংবিধান এবং রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবি জানান। এসব দাবি পূরণ না হলে জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
