সামরিক অভিযান কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান ঘটানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার মতে, এই সংকট সমাধানের একমাত্র পথ হলো পারস্পরিক সম্মান ও আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়ে আরাগচি জানান, ইরানের পক্ষ থেকে দেওয়া বিশেষ প্রস্তাব ও শর্তগুলো এখনো আলোচনার সুযোগ তৈরি করে রেখেছে। ওয়াশিংটনকে এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। ভবিষ্যতেও সামরিক শক্তি প্রয়োগ করে সেই লক্ষ্য পূরণ সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া ইসরাইলকে সমর্থন করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বারবার সংঘাতের দিকে ঠেলে দেওয়ার নীতিরও সমালোচনা করেন আরাগচি। তার বক্তব্য, এ ধরনের নীতির প্রতি মার্কিন জনগণের বিরোধিতা বুঝতে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল না।
অন্যদিকে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা আরোপের কৌশলও কার্যকর সমাধান নয় বলে মনে করেন ইরানের এই শীর্ষ কূটনীতিক। তার আশা, খুব শিগগিরই ওয়াশিংটন বুঝতে পারবে যে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে নিজেদের অবস্থান থেকে সরানো সম্ভব নয়।
আরাগচির বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, সামরিক চাপের পরিবর্তে পারস্পরিক সম্মান ও কূটনৈতিক আলোচনাকেই ইরান সংকট সমাধানের পথ হিসেবে তুলে ধরছে।
