হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ ও নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছেন আদালত। আগামী ১৫ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্তকারী সংস্থা বিমানবন্দর থানা পুলিশ নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে পারেনি। ফলে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। শুনানির সময় মামলার আসামি আখতারুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের ফ্লাইট সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ইমিগ্রেশন শেষ করে তারা লাগেজ সংগ্রহের জন্য নির্ধারিত স্থানে যান।
অভিযোগে বলা হয়েছে, ওই সময় যাত্রীর চাপ বেশি থাকায় বিমানবন্দরে ট্রলির সংকট দেখা দেয়। ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হলে কয়েকজন প্রটোকল সহকারী নিয়ম ভেঙে ট্রলি নেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের মাধ্যমে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে ডাকা হয়। সেখানে আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান এবং তাকে হুমকি ও অশালীন ভাষায় কথা বলেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া দায়িত্ব পালনরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগও রয়েছে মামলায়। একই ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে।
এজাহার অনুযায়ী, ঘটনার সময় কয়েকজন প্রটোকল সহকারী ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ও পাত্র ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে।
এসব ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।
উল্লেখ্য, গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। পরে গত ১ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
তবে মামলার অভিযোগগুলো এখনো বিচারিক প্রক্রিয়াধীন। আগামী ১৫ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানা যাবে।
