বিদেশে চিকিৎসার ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রা নেওয়ার নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই একজন ব্যক্তি চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এই সীমা ছিল ১৫ হাজার ডলার।
একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। এর মাধ্যমে অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা ছাড়ের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য একজন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে অনুমোদিত ব্যাংকগুলো। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না।
এ ছাড়া বিদেশে স্কুল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় মেটাতেও ব্যাংকগুলো সরাসরি অর্থ পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে বিনা বেতনে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পেশাগত প্রশিক্ষণ, সনদভিত্তিক কোর্স এবং চিঠিপত্র বা দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালিত নিয়মিত একাডেমিক শিক্ষার খরচ পাঠানোর ক্ষেত্রেও অনুমোদন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এসব খাতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।
অন্যদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা নির্ধারিত ফরম এফএমজে-তে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ঘোষণা দিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট বা আরএফসিডি হিসাবে জমা রাখতে পারবেন।
ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য অনুমোদিত প্রয়োজনে বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনার বাইরে বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত অন্যান্য প্রচলিত নিয়ম ও বিধিবিধান আগের মতোই বহাল থাকবে।
