ভেনেজুয়েলার জ্বালানি খাতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের পরিকল্পনা করছে ভারত। দেশটির দীর্ঘদিন ধরে উৎপাদন সংকটে থাকা একটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র পুনরুজ্জীবিত করতে প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন বা ওএনজিসি।
পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে এই অর্থ ব্যয় করা হতে পারে সান ক্রিস্টোবল তেলক্ষেত্রের উৎপাদন সক্ষমতা বাড়ানোর কাজে।
একসময় এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন ৪৫ থেকে ৫০ হাজার ব্যারেল পর্যন্ত তেল উত্তোলন করা সম্ভব হতো। কিন্তু বর্তমানে উৎপাদন কমে দাঁড়িয়েছে মাত্র ৪ থেকে ৫ হাজার ব্যারেলে। অর্থাৎ আগের সর্বোচ্চ সক্ষমতার তুলনায় উৎপাদন প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে।
এই বিপর্যয়ের পেছনে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা, ভেনেজুয়েলার দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট এবং দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএর পরিচালনাগত সীমাবদ্ধতা।
প্রকল্পটি পরিচালনার জন্য ইতোমধ্যে ওএনজিসির বিদেশি বিনিয়োগ শাখা ওএনজিসি বিদেশ মার্কিন অনুমোদন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সান ক্রিস্টোবল প্রকল্পে পিডিভিএসএর মালিকানা ৬০ শতাংশ এবং ভারতীয় প্রতিষ্ঠানটির অংশীদারি ৪০ শতাংশ।
বিনিয়োগ পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, প্রয়োজন হলে পিডিভিএসএর অংশের অর্থও প্রাথমিকভাবে ওএনজিসি বহন করতে পারে। পরবর্তী সময়ে তেল উত্তোলন ও বিক্রির আয় থেকে সেই অর্থ ফেরত নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে শুধু সান ক্রিস্টোবল নয়, ভেনেজুয়েলার অন্যান্য তেল প্রকল্পেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় ভারত। কারাবোবো-১ প্রকল্পেও অংশীদারি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
বর্তমানে কারাবোবো-১ প্রকল্পে ওএনজিসি বিদেশের মালিকানা ১১ শতাংশ। ভারতের ইন্ডিয়ান অয়েল ও অয়েল ইন্ডিয়ার অংশ রয়েছে ৩ দশমিক ৫ শতাংশ করে। স্পেনের জ্বালানি প্রতিষ্ঠান রেপসোলের মালিকানা ১১ শতাংশ এবং বাকি ৭১ শতাংশ রয়েছে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিডিভিএসএর হাতে।
এদিকে ভেনেজুয়েলায় আটকে থাকা ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি বকেয়া অর্থ ফেরত পাওয়ার আশাও করছে ওএনজিসি। তেল উৎপাদন বাড়ানো এবং বিক্রির কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হলে দীর্ঘদিনের আটকে থাকা এই অর্থ উদ্ধারের সম্ভাবনা তৈরি হতে পারে।
উল্লেখ্য, গত কয়েক বছরে ভেনেজুয়েলার তেল উৎপাদন নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এবং তেলশিল্পের অবকাঠামোগত দুর্বলতা দেশটির উৎপাদন সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে।
এ ছাড়া দেশটির রাজনৈতিক পরিস্থিতি ও মার্কিন অনুমোদনব্যবস্থার পরিবর্তনও বিদেশি বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সব মিলিয়ে সান ক্রিস্টোবল তেলক্ষেত্রে প্রস্তাবিত ২০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ শুধু উৎপাদন বাড়ানোর উদ্যোগ নয়, বরং লাতিন আমেরিকায় ভারতের জ্বালানি স্বার্থ আরও বিস্তৃত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।
