প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে বাংলাদেশের পক্ষে ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন। এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, পরিবহন, পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থা, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় এতে গুরুত্ব পেয়েছে।
অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি চীনা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর এই সফরে বন্দর উন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে।
বাংলাদেশ ও চীনের মধ্যে নতুন এই সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে দেশের অবকাঠামো, শিল্প ও যোগাযোগ খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণেও এটি ভূমিকা রাখতে পারে।
