ভারতের রাজধানী দিল্লির পুরাতন শহরের চাবড়ি বাজার এলাকায় হঠাৎ ধসে পড়েছে একটি তিনতলা ভবন। এ ঘটনায় ভবনটির ধ্বংসস্তূপের নিচে একাধিক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চাবড়ি বাজার মেট্রো স্টেশনের কাছের গলি সিতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। উদ্ধারকাজে অন্তত ছয়টি ইউনিট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পানিবাহী গাড়ি ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিয়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা। ধসে পড়া ভবনের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে চলছে তল্লাশি।
এদিকে ভবন ধসের ঘটনা নিয়ে দিল্লি সরকারের সমালোচনা করেছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গত কয়েক মাসের মধ্যে দিল্লিতে এটি তৃতীয় ভবন ধসের ঘটনা।
তিনি প্রশ্ন তোলেন, ভবনগুলোর নিরাপত্তা যাচাইয়ের উদ্যোগ নেওয়ার পরও কেন এমন দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকার ও পৌর কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।
আরেকটি পোস্টে সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেন, ভবনের নিরাপত্তা নিশ্চিত করার নামে বিভিন্ন দপ্তরে দুর্নীতি ও ঘুষ লেনদেনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনো জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভবনটি কী কারণে ধসে পড়েছে, তা-ও জানা যায়নি। উদ্ধার অভিযান শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যেতে পারে।
