পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবির মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সাঁজোয়া কর্মী পরিবহনকারী যান ও দাঙ্গা নিয়ন্ত্রণের বিশেষ যান মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোনের সাহায্যে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা ব্যবহার করছেন বডি-ওর্ন ক্যামেরা ও বিশেষ নজরদারি সরঞ্জাম। এসব কার্যক্রম বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
