জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সফরে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় দলটির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ দলের অন্যান্য নেতাকর্মী।
চট্টগ্রাম মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এই সফরে এসেছেন ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে। অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ এবং দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।
সম্মেলনে তাঁর বক্তব্য ও সাংগঠনিক দিকনির্দেশনার দিকে তাকিয়ে রয়েছেন অংশগ্রহণকারীরা। এই আয়োজনের মাধ্যমে সংগঠনের সাবেক সাথী ও সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সাংগঠনিক সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করছেন দলটির নেতারা।
