কুমিল্লার দেবিদ্বারে নিজ মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তার ভাবি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ায় মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬৫) এবং তার আট মাস বয়সী নাতনি ইসরাত। এ ঘটনায় পেয়ারা বেগমের পুত্রবধূ রাবেয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন ধারালো দা নিয়ে তার মা পেয়ারা বেগমের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে জানা গেছে। এরপর আট মাস বয়সী ভাতিজি ইসরাতকেও আছড়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এ সময় শিশুটিকে রক্ষা করতে এগিয়ে গেলে ইমন তার ভাবি রাবেয়া বেগমের ওপরও হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ইমনকে আটক করে একটি ঘরে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিুজ্জামন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
