সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাদের মধ্যে ছিলেন এক দম্পতি, তিন ছেলে ও দুই মেয়ে। অপর গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারান।

পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি আকস্মিকভাবে দিক পরিবর্তন করার পর দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তবে গাড়িটি কী কারণে হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের কর্মীরা। গাড়ির ভেতরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে তারা অভিযান চালান।

আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার মধ্যে সংযোগকারী আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুর্ঘটনাটি ঘটে।

সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তা বিষয়ক বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশেরও বেশি কমেছে।

তবে আল-আহসার সর্বশেষ দুর্ঘটনাটি দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো নিরাপদ দূরত্ব বজায় না রাখা, যার হার ২৯ দশমিক ২ শতাংশ। এ ছাড়া হঠাৎ দিক পরিবর্তনের কারণে দুর্ঘটনার হার ২৭ দশমিক ৯ শতাংশ।

সৌদি কর্তৃপক্ষ বলছে, সড়ক অবকাঠামোর উন্নয়ন, ট্রাফিক পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার এবং দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Share.
Leave A Reply

Exit mobile version