বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা শেখ ফরিদুজ্জামানও গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমির সীমানা দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছিলেন আহাদ ও তার স্বজনরা। এ সময় চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুম তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলার একপর্যায়ে আহাদ আহমেদ ও তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই আহাদের মৃত্যু হয়।

আহাদের বাবা শেখ ফরিদুজ্জামানকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রসিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version