ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার সকালে সদর উপজেলার ভাদুঘর মোল্লাবাড়ি মোড় এলাকায় অবস্থিত মেসার্স আরেফিস ট্রেডার্সে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদের বিরুদ্ধে পরিমাপে কম তেল সরবরাহের অভিযোগ পাওয়া যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিক্রিত তেলের পরিমাণ পরীক্ষা করা হয়। যাচাইয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার তেলে প্রায় ২০০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক অনিয়মের বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পুনরায় ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
