দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ৮২৩ জন।
এদিকে, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১২১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশা নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন, যাতে রোগটির বিস্তার কমানো সম্ভব হয়।

