চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় অনুমোদনহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে পুরানবাজারের ট্রাঙ্কপট্টি ও সুতাপট্টি এলাকায় পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাজারজাত পণ্য বিক্রি এবং অনুমোদনহীন শিশুখাদ্য মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে গাজী স্টোর, রিয়াদ স্টোর এবং ইব্রাহিম স্টোরকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানার আদেশ দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও নিম্নমানের শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এ ছাড়া বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে পুরানবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা সহায়তা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version