মালয়েশিয়ায় অনিয়মিত বা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের মধ্যে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

রোববার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম এ আহ্বান জানান।

তিনি বলেন, মালয়েশিয়া সরকার ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০ (পিআরএম ২.০)’ চালু করেছে, যার মাধ্যমে অনিয়মিত বিদেশি নাগরিকরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে আইনসম্মতভাবে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশিদেরও এ সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

দেশে ফেরার জন্য বৈধ ও মেয়াদসম্পন্ন পাসপোর্ট প্রয়োজন হবে। যাদের পাসপোর্ট নেই বা মেয়াদ শেষ হয়ে গেছে, তারা বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত নিয়ম অনুযায়ী নিশ্চিত বিমান টিকিটও রাখতে হবে।

আবেদনকারীদের নিজ নিজ ইমিগ্রেশন অফিসে সরাসরি উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে। এ ক্ষেত্রে কোনো প্রতিনিধি, দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করার সুযোগ নেই। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে পাসপোর্ট বা ট্রাভেল পারমিট, পরিচয়সংক্রান্ত পৃষ্ঠার অনুলিপি, ইমিগ্রেশন পাসের কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে পুরোনো ও নতুন পাসপোর্ট।

তরিকুল ইসলাম আরও বলেন, পিআরএম ২.০ কর্মসূচির আবেদন প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধার আশ্বাস দিয়ে অর্থ দাবি করলে তা থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

হাইকমিশন জানিয়েছে, গ্রেপ্তার বা আইনি জটিলতায় জড়ানোর আগেই সংশ্লিষ্টদের সরকারি কর্মসূচির আওতায় দেশে ফেরার উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে সর্বশেষ তথ্য জানতে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version