দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে সন্দেহভাজন ও পরীক্ষায় নিশ্চিত মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪৩ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হাম-সংশ্লিষ্ট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৫৫ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত রোগীর মোট সংখ্যা ১৯ হাজার ৬৯৬ জনে পৌঁছেছে।
একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৯৪ জনে দাঁড়িয়েছে।
তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে।
